স্মৃতিসৌধে সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (২৬ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন তিনি। এরপর ১১টায় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তাদের সম্মানে সালাম প্রদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নতুন সেনাপ্রধান। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ১১টা ১০ মিনিটে তিনি স্মৃতিসৌধ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

এর আগে গত বৃহস্পতিবার জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন শফিউদ্দিন আহমেদ। ওইদিনই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান।