ইউরোপা লিগ

হতাশ ম্যানচেস্টার ইউনাইটেড, শিরোপা জিতল ভিয়ারিয়াল

ম্যানচেস্টার ইউনাইটেডকে হতাশ করে ইউরোপা লিগের শিরোপা জিতল ভিয়ারিয়াল। রুদ্ধশ্বাস ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। তবে সাডেন ডেথে রেড ডেভিলদের ১১-১০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি। প্রথমবারের মতো ইউরোপীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভিয়ারিয়াল। এই জয়ে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেলো উনাই এমেরির দল।

প্রথমবারের মতো ইউরোপীয় আসরের ফাইনালে উঠেই শিরোপার স্বাদ। ইয়েলো সাবমেরিনের উল্লাসধ্বনি পোল্যান্ড ছাড়িয়ে ততক্ষণে পৌঁছে গেছে স্পেনেও। জয়ের পর ছাত্ররা শূন্যে ছুড়ল উনাই এমেরিকে। স্প্যানিশ কোচের তুলিতেই তো প্রায় একশ বছরের ইতিহাসের পাতা রঙিন হলো। নিজের ক্যারিয়ারে চতুর্থবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতলেন এমেরি।

শ্যুটআউটে একে একে গোল করে যাচ্ছিল দু’দলের সবাই। শুধু পারলেন না তিনিই। প্রতিপক্ষের ১১ শটের একটাও ঠেকাতে পারেননি। কিন্তু তার কিকটা ঠিকই আটকে দিয়েছে ভিয়ারিয়াল গোলরক্ষক রুলি। ম্যারাথন ম্যাচে এর আগের ১২০ মিনিটের গল্প শেষের মতো রোমাঞ্চে ঠাসা নয়। ট্রফি খরা ঘোচাতে ইউনাইটেড নেমেছিলো পূর্ণ শক্তির দল নিয়ে। কিন্তু পগবা-রাশফোর্ডরা ব্যর্থ নামের প্রতি সুবিচার করতে।