হাঁস নিয়ে ঝগড়ার জেরে কৃষককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে রাজহাঁস মারাকে কেন্দ্র করে মফিজ মোল্লা (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাটিমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজ মোল্লা ওই গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে।

শনিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার নাটিমা গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বশির উদ্দিন সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে ওই গ্রামের কামাল নামে একজনের রাজহাঁস মারা যায়। প্রতিবেশী মফিজ মোল্লার বিরুদ্ধে হাঁস মারার অভিযোগ তুলে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে দুপক্ষ।

পরে বিষয়টি নিয়ে সন্ধ্যায় মফিজ ও কামালের পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় মফিজ বিষয়টি সমাধান করতে গেলে প্রতিবেশী কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। মারধর ঠেকাতে গেলে তার ভাই লাবুকেও মারধর করে তারা।

পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মফিজের শারীরিক অবস্থার অবনতি হলে যশোরে রেফার্ড করা হয়। যশোর থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। মরদেহ এখনও এলাকায় পৌঁছায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।