হাত দিয়ে গোল এখন করলে আমাকে জেলে যেতে হত

ক্রীড়া ডেস্ক : ১৯৮৬ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। পুরো বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলে দিয়াগো ম্যারাডোনো পেয়েছিলেন অমরত্ব। পাশাপাশি এমন দুটি গোল করেছিলেন যা ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল! অবশ্য এর মধ্যে একটিকে নিয়ে এখনও রয়েছে বিতর্ক। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কুখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলটি করেছিলেন ম্যারাডোনা। ডানপাশ থেকে পাওয়া বলে ডি বক্সের ভেতরে লাফিয়ে হাত দিয়ে পাঞ্চ করে ইংল্যান্ডের জালে পাঠান ম্যারাডোনা। ইংল্যান্ডের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানায়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় তা গোল হিসেবে কাউন্ট হয়।

অবশ্য চার মিনিট পর ছয়জনকে কাটিয়ে ম্যারাডোনা যে গোল দিয়েছিলেন তা শতাব্দীর সেরা গোল হিসেবে নির্বাচিত হয়। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ম্যারাডোনা সংবাদ সম্মেলনে বলেছিলেন,‘আমার মাথায় হাল্কা স্পর্শ করেছিল এবং বাকিটা ছিল ‘হ্যান্ড অব গড’’।

আর্জেন্টাইন কিংবদন্তি মনে করেন এই মুহূর্তে ‘হ্যান্ড অব গড’ গোল করলে তাকে গ্রেফতার করা হতো। তার মতে প্রযুক্তির কাছে ঠিকই ধরা খেয়ে যেতেন। বিশেষ করে ভ্যার-এর মাধ্যমে ঠিকই ধরা পড়তেন। সম্প্রতি ফ্রান্সে ম্যারাডোনা এক অনুষ্ঠানে যোগ দিয়ে ‘হ্যান্ড অব গড’ নিয়ে খোলামেলা কথা বলেন।

ম্যারাডোনা যাদুতে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও জিতে তারা। দ্বিতীয়বারের মতো জিতে নেয় বিশ্বকাপের মুকুট।