ক্রীড়া ডেস্ক : ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের বহনকারী বাসের উপর সন্ত্রাসী হামলার ৮ বছর পর আবার পাকিস্তান সফরে যাচ্ছে লঙ্কানরা। তবে এবার তারা যাবে কেবল একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে।
আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে অক্টোবর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ২ ম্যাচ টেস্ট, ৫ ম্যাচ ওয়ানডে ও ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। টেস্ট ও ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ আরব আমিরাতে হলেও টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি হবে পাকিস্তানে। ২৯ অক্টোবর শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পাকিস্তানের লাহোরে হবে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স ও পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম।
মূলত আইসিসি বিশ্ব একাদশকে পাকিস্তানের খেলতে পাঠানোর পর সাহস পেয়েছে শ্রীলঙ্কা। তাইতো তারাও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে যেতে পারে।
২০০৯ সালে এই শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার নিষিদ্ধ। এরপর থেকে গেল ৮ বছর ধরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চেষ্টা করে যাচ্ছে দেশটির সরকার ও ক্রিকেট বোর্ড। মাঝে জিম্বাবুয়ে ও আফগানিস্তান দল পাকিস্তান সফর করলেও প্রথম সারির কোনো টেস্ট খেলুড়ে দেশ সফর করেনি। শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গেলে তারা হবে প্রথম সারির টেস্ট খেলুড়ে প্রথম কোনো দেশ যারা সন্ত্রাসী হামলার ৮ বছরের মাথায় আবার পাকিস্তান সফরে যাবে।
অবশ্য পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরের ফাইনাল ম্যাচটি লাহোরে হয়েছে। সেখানে অবশ্য সব দেশের খেলোয়াড়রা খেলতে যাননি।


