মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শৌচাগা থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। যাকে হত্যা করা হয় বলে অভিযোগ ওই ছাত্রের পরিবারের।
আজ বৃহস্পতিবার (১০মার্চ) ভোর ৫টার দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
নিহত কৌশিক দাস দেব (১৪) ঠাকুরগাঁও জেলা শহরের ঘোষপাড়া এলাকার উজ্জল দাসের ছেলে। কৌশিক রংপুরের নালন্দা ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। আজ সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে তার ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয় বলে জানান ওসি।
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে পুলিশ ধারণা করলেও কৌশিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি কৌশিকের পরিবারের।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি তানভিরুল ইসলাম জানান, পার্থ প্রতিম চৌধুরীর ছেলে অনির্বান চৌধুরী (১৪) গতকাল বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের সার্জারী ওয়ার্ডের ৫০৭ নম্বর রুমে ভর্তি থাকা অনির্বানকে দেখতে রাত ৯টার দিকে তার বন্ধু কৌশিক হাসপাতালে যায়।
এ সময় অনির্বান ওয়ার্ডে একা ছিল এবং তার মা বাড়িতে কাপড় আনতে গিয়েছিল, বলেন ওসি। অনির্বানের বরাতে ওসি বলেন, রাত দেড়টার দিকে কৌশিক প্রাকৃতিক কাজ সারতে বাথরুমে যায়। রাত দুইটার দিকে অনির্বানের মা কাপড় নিয়ে বাড়ি থেকে হাসপাতালে গেলে অনির্বান তার মাকে জানায় যে কৌশিক বাথরুমে যাওয়ার পর আধা ঘন্টা হলেও বের হয়ে আসছে না।
তখনই অনির্বানের মা কবিতা চৌধুরী কৌশিককে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায় এবং কৌশিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে অনির্বানসহ ওই ওয়ার্ডে থাকা রোগী ও রোগীর স্বজনরা ছুটে গিয়ে কৌশিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
ওসি তানভিরুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ৩টার দিকে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এরপর ভোর ৫টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম শামছুজ্জামান আসিফের উপস্থিতিতে শৌচাগারের ভেতর থেকে ঝুলন্ত কৌশিকের মরদেহ উদ্ধার করা হয়।
ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ বলেন, কৌশিককে বাথরুমের ভেতরে থাকা পাইপে কোমড়ের বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক ভাবে আমাদের মনে হচ্ছে এটি আত্মহত্যা। তারপরও বিষয়টি পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে,বলেন তিনি।
এদিকে কৌশিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে এ হত্যাকাণ্ডের শুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের বাবা উজ্জ্বল দাস। তিনি বলেন,রাত ৯টার দিকে কেউ একজন আমার ছেলেকে ফোন করে হাসপাতালে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে হয়তো আমার ছেলেকে মারপিট করা হয় এবং বাথরুমের পাইপে কোমড়ের বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা হয়। আমরা ধারণা করছি আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।
হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন সাংবাদিকদের বলেন, অনির্বান ধারালো কিছুর আঘাতে দুই হাতে জখম নিয়ে হাসপাতালে এলে তাকে ভর্তি করা হয়। অনির্বানের বন্ধু কৌশিক তাকে দেখতে হাসপাতালে আসে। তিনি বলেন, মরদেহ উদ্ধারের সময় নিহতের দুই হাতে কাটা জখমের দাগ পাওয়া গেছে। দাগটি আট থেকে দশ দিন আগের বলে ধারণা করেন এ চিকিৎসক।
এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওসি আরো বলেন, কৌশিক আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি। তবে বিষয়টি এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। কী কারণে কৌশিক আত্মহত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলে জানান ওসি।


