হেফাজতের দুষ্কৃতকারীদের স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের যারা দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, নাশকতা করেছে তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এ সময় মন্ত্রী বলেন, তাদের শাস্তি তাদের ভোগ করতেই হবে। তারা যে ধরনের কাজ করেছে অবশ্যই তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে, ইনশাআল্লাহ।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অক্সিজেন সিলিন্ডার সেবা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। সেখানে তাদের রাজনীতি করার কোনো কথা নেই। তারপরও কেন তারা রাজনীতিতে আসে তা আমার জানা নেই। কেন তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দেন, সেটাও আমার জানা নেই। হেফাজতের নেতারা ছাড়াও ইসলামিক নেতারা এটার সঙ্গে দ্বিমত পোষণ করছেন। হেফাজতের যারা অগ্নিসংযোগ, ভাঙচুর করেছেন, যাদের জন্য কতগুলো জীবন চলে গেছে তাদের শাস্তি ভোগ করতে হবে। তারা যে ধরনের কাজ করেছে, তার জন্য আইনের মুখোমুখি হতেই হবে। সেই জায়গাতে আমরা কাউকে ছাড় দিচ্ছি না।

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা বলছেন, তারা (হেফাজত) আসছেন, কথা বলেছেন। তারা আসতেই পারে, কথা বলতেই পারেন। সবাই কথা বলবে, কথা বলার রাইটস সবারই আছে। আমরা কথা বলছি কিন্তু কোনো সময় দুষ্কৃতকারীদের, বিশেষ করে যারা নাশকতা করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আমরা দেব না ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মানুষের সেবা দেয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা অক্সিজেনের পাশাপাশি ফোন করা মাত্র সেবা পৌঁছে দিচ্ছে। করোনার প্রথম ঢেউয়ের সময় দেখেছি সরকারিভাবে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। সিটি করপোরেশন খাবার দিয়েছে। পাশাপাশি আমাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতৃত্বে সবার কাছে খাদ্য পৌঁছে দিয়েছে। অনাহারে কেউ মারা যায়নি। চিকিৎসা সেবা বঞ্চিত হয়েছে এমন কথা শোনা যায়নি। আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলাম। আবার কিন্তু করোনার ঢেউ আসছে। আমরা এটাও মোকাবিলা করব।