হেলসকে নেওয়া হয়েছে ওয়ার্নারের পরিবর্তিত খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের পদ থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন ডেভিড ওয়ার্নরা। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ করলে সানরাইজার্স হায়দরাবাদও দলে নিতে অপারগতা জানায়। ওয়ার্নারের পরিবর্তে কে যুক্ত হবেন অরেঞ্জ আর্মিতে? দুদিন পরেই জানা গেল তার নাম। ইংল্যান্ডের আলেক্স হেলসকে নেওয়া হয়েছে ওয়ার্নারের পরিবর্তিত খেলোয়াড় হিসেবে।

তিনি অবশ্য আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন। অবশেষে দল পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি, ‘অবিতর্কিতভাবে বিশ্বের সেরা ঘরোয়া টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে আমি যারপরনাই উচ্ছ্বসিত।’

আইপিএলে দল না পেয়ে গেল মাসে তিনি নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। চুক্তির সময় অবশ্য তিনি সুযোগ রেখেছিলেন যে যদি কোনোভাবে আইপিএলে দল পান তাহলে সেখানে যোগ দিবেন। সেই সুযোগ কাজে লাগিয়ে এবার তিনি সাকিব আল হাসানদের সঙ্গে হায়দরাবাদ শিবিরে যোগ দিবেন।

হেলস হলেন আইপিএলের আসন্ন আসরে খেলার সুযোগ পাওয়া অষ্টম কোনো ইংলিশ ক্রিকেটার। তার আগে বেন স্টোকস (রাজস্থান, ১.৩৮ মিলিয়ন পাউন্ড), ক্রিস ওকস (বেঙ্গালুরু ৮.২০ লাখ পাউন্ড), জস বাটলার (রাজস্থান, ৪.৮৫ লাখ), মঈন আলী ( বেঙ্গালুরু ১.৮৭ লাখ পাউন্ড), জ্যাসন রয় ( দিল্লি, ১.৬৫ লাখ পাউন্ড), ক্রিস জর্ডান (হায়দরাবাদ, ১.১০ লাখ পাউন্ড) ও মার্ক উড (৭১ হাজার পাউন্ড) নিলামে দল পেয়েছেন।