১০৩ রান মাত্র ৪০ বলে

ক্রীড়া ডেস্ক : মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কী দুর্দান্ত এক ইনিংসই না খেললেন হারমানপ্রিত কৌর। ইংল্যান্ড নারী দলের প্রাক্তন অধিনায়ক শার্লট এডওয়ার্ডস তো টুইট করে বলেই দিয়েছেন, ‘আমার দেখা সেরা ইনিংস!’

ডার্বিতে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৫ বলে ২০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১৭১ রানের অসাধারণ ইনিংস খেলেছেন হারমানপ্রিত। তার এই ইনিংসটাই ভারতকে প্রায় এক যুগ পর মেয়েদের বিশ্বকাপের ফাইনালে তুলেছে।

হারমানপ্রিত ফিফটি করেছিলেন ৬৪ বলে, পরের পঞ্চাশ করতে লেগেছে ২৬ বল। আর ১০০ থেকে ১৫০-এ পৌঁছেন মাত্র ১৭ বলে! যেখানে প্রথম ৭৫ বলে ৯০.৬৭ স্ট্রাইক রেটে তার রান ছিল ৬৮, সেখানে শেষ ৪০ বলে ২৫৭.৫০ স্ট্রাইক রেটে করেছেন ১০৩ রান!

এর মধ্যে তিনি অস্ট্রেলিয়ার অফ স্পিনার অ্যাশলেঘ গার্নারের এক ওভারেই নিয়েছেন ২২ রান। যেখানে ছিল ২টি করে চার ও ছক্কার মার। অথচ গার্নার প্রথম ৭ ওভারে দিয়েছিলেন মাত্র ২০ রান এবং তার ১৫ বলে হারমানপ্রিত করতে পেরেছিলেন কেবল ৮ রান।

হারমানপ্রিতের অপরাজিত ১৭১ রানের ইনিংসটা মেয়েদের বিশ্বকাপে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তবে নকআউট পর্বে সর্বোচ্চ। ২০০৫ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কারেন রোল্টনের অপরাজিত ১০৭ রান ছিল আগের সর্বোচ্চ। এই দুজন ছাড়া নকআউট পর্বে সেঞ্চুরি নেই আর কারও।

মেয়েদের ওয়ানডেতে হারমানপ্রিতের ১৭১ রানের চেয়ে বড় ইনিংস আছে আর চারটি। সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের অপরাজিত ২২৯। ১৯৯৭ বিশ্বকাপে মুম্বাইয়ে ডেনমার্কের বিপক্ষে মেয়েদের ওয়ানডেতে একমাত্র ডাবল সেঞ্চুরির ইনিংসটি খেলেছিলেন ক্লার্ক।

হারমানপ্রিতের ১৭১ ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ দীপ্তি শর্মার ১৮৮, গত মে মাসে পচেফ্স্ট্রুমে আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন হারমানপ্রিতের। ছয় দিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে মিতালির রাজের ১০৯ ছিল আগের সর্বোচ্চ।