১৭-২৬ মার্চ চেকপোস্টে চেহারা শনাক্তকরণ ডিভাইস বসাবে র‍্যাব

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৭ থেকে ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে কেন্দ্র করে জলে-স্থলে এবং আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করবে র‍্যাব। এছাড়াও র‍্যাবের বিভিন্ন চেকপোস্টে সম্প্রতি সংযুক্ত অন-সাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম ডিভাইস বসানো হবে। এতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের চেহারা, নাম ও পরিচয় শনাক্ত করা যাবে।

মঙ্গলবার (১৬ মার্চ) র‍্যাব মিডিয়া সেন্টারে অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, ১৭-২৬ মার্চ অনুষ্ঠানের দেশব্যাপী নিরাপত্তা দেবে র‍্যাব। কেউ যদি আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চায় তাহলে তাদের শক্তহাতে মোকাবিলা করা হবে।

র‍্যাব মহাপরিচালক বলেন, আয়োজিত অনুষ্ঠানে বন্ধুপ্রতীম দেশগুলো আসবে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন অনুষ্ঠান ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। ঝুঁকি পর্যালোচনা করে সবগুলো অনুষ্ঠানে ও দেশব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনীর আগাম সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও র‍্যাব সদরদপ্তরে একটি সেন্ট্রাল কন্ট্রোল রুম ও প্রতিটি ব্যাটালিয়নের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

এছাড়াও র‍্যাব সদস্যরা সব অনুষ্ঠানস্থলে পোশাকে ও সাদা পোশাকে অবস্থান করবেন। গুরুত্বপূর্ণ স্পটে চেকপোস্ট বসানো হবে। চেকপোস্টে অন-সাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম ডিভাইস বসানো হবে। এই ডিভাইসের মাধ্যমে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্ত করা যাবে।

র‍্যাব মহাপরিচালক বলেন, প্রতিটি গুরুত্বপূর্ণ ভেন্যুতে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সেস নজরদারি করবে।

উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি আছে কি না, এমন প্রশ্নের জবাবে র‍্যাবের ডিজি বলেন, কোনো ধরনের হুমকি নেই। ‌এছাড়া কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই। তবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তা মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছি।

কয়েকটি সংগঠন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে ঢুকতে দেবে না বলে ঘোষণা দিয়েছে, এবিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা আশা করছি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তারা এই ধরনের কর্মসূচি পালন করবে না। তারপরও যদি তারা এই ধরনের কর্মসূচি পালন করা থেকে বিরত না থাকে তাহলে, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।