এক মাসেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়াযজ্ঞ ফিফা ফুটবল বিশ্বকাপ। কদিন বাদেই রাশিয়ায় শুরু হবে ফুটবল-যুদ্ধ। প্রতিটি বিশ্বকাপে ফিফা একটি করে আনুষ্ঠানিক পোস্টার অবমুক্ত করে। আয়োজক দেশ, আয়োজক দেশের সংস্কৃতি এবং ফুটবলের প্রতি দর্শকদের আবেগ ও ভালোবাসার প্রকাশ ঘটে পোস্টারগুলোতে। সেই সব পোস্টার নিয়ে রাইজিংবিডির বিশেষ আয়োজনের একাদশ পর্ব প্রকাশ হলো—
ফুটবল বিশ্বকাপের পোস্টারগুলোতে সমকালীন চিত্রকলার ধরন ও পরিচয় ফুটে উঠেছে। গত ৮৪ বছরে অনুষ্ঠিত হওয়া ২০ বিশ্বকাপে ২০টি পোস্টার প্রকাশ করেছে ফিফা। আসন্ন রাশিয়া বিশ্বকাপ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে ২১তম পোস্টারটিও। প্রায় এক শতাব্দী ধরে প্রকাশ হতে থাকা এই সব পোস্টার আসলে হয়ে উঠেছে কালের সাক্ষী। এতে আয়োজক দেশের শিল্প-সংস্কৃতি, চিত্রকলার রুচি ও সমকালীন অনেক কিছুই প্রকাশ পেয়েছে।
১৯৭৮ সালে বিশ্বকাপ আয়োজন করে ম্যারাডোনা-মেসির দেশ আর্জেন্টিনা এবং উরুগুয়ে, ইতালি, ইংল্যান্ড ও জার্মানির পর পঞ্চম দেশ হিসেবে স্বাগতিক হয়ে শিরোপাও জিতে তারা। এটিই আলবেসিলেস্তেদের প্রথম শিরোপা। ১৯৭৮ সালের বিশ্বকাপই ১৬ দলের অংশগ্রহণের শেষ বিশ্বকাপ। এই বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করে ইরান ও তিউনিশিয়া।
আর্জেন্টিনা বিশ্বকাপের অফিসিয়াল পোস্টারটি আঁকে মান্ডাটোস ইন্টারন্যাশনালস নামের একটি এজেন্সি। ১৯৭৮ সালের বিশ্বকাপের সময় আর্জেন্টিনার ক্ষমতায় ছিলো সামরিক জান্তা সরকার। ১৯৭৬ সালে, সে সময়ের আর্জেন্টাইন প্রেসিডেন্ট ইসাবেল মার্টিনেজ পেরনকে ক্ষমতাচ্যুত করে জেনারেল জর্জ রাফায়েল ভিদেলা আর্জেন্টিনার ক্ষমতায় বসেন। এই সামরিক সরকার তাদের ক্ষমতা আরোহনকে ‘জাতীয় পুনর্গঠন প্রক্রিয়া’ হিসেবে অভিহত করে। এই সামরিক সরকারের সময়ে আর্জেন্টিনার ৩০ হাজার মানুষ নিখোঁজ হয়। এখনো বহু আর্জেন্টাইন বিশ্বাস করেন, মান্ডাটোস ইন্টারন্যাশনালস নামের যে প্রতিষ্ঠান আর্জেন্টিনা বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার এঁকেছিলো, তারা ছিলো সামরিক সরকারের অধীনস্থ এক সংস্থা।
আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম ঘৃণ্য সরকারের অধীনস্থ সংস্থার তৈরি হলেও, ১৯৭৮ সালের বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার এর একক বৈশিষ্টের জন্য আলাদা হয়ে আছে। এতে চিত্রকলার ‘পয়েন্টিলিজম’ বলে অভূতপূর্ব এক ধারণার প্রয়োগ করা হয়। জর্জ স্যুরাট ও পল সিগনাককে পয়েন্টিলিজমের জনক মনে করা হয়। এরা মূলত ইম্প্রেশনিজমের নতুন একটি ধারা তৈরি করেন। পয়েন্টিলিজমের মূল ধারণা হলো, এতে ছোট বড় পয়েন্ট বা ডটেড প্যাটার্নের মাধ্যমে চিত্র তৈরি করা হয়।
১৯৭৮ সালের বিশ্বকাপের পোস্টারে দেখা যায় ডটেড প্যাটার্নে তৈরি চিত্র দুজন ফুটবলার উল্লাস করছেন। এই পোস্টারের মূল পটভূমি আকাশী রঙের। যা আর্জেন্টিনার সবচেয়ে প্রিয় রঙ। মূলত কালো ও নীল রঙে আঁকা হয়েছে দুজন ফুটবলারের চিত্র। ডটেড প্যাটার্নারের মাঝখানে তৈরি হওয়া নেগেটিভ স্পেসে ফুটে উঠেছে নীল রঙ। অসাধারণ এই পোস্টারটি ফিফা বিশ্বকাপের অন্যতম সেরা পোস্টার।


