২০১৮ সালের জুন পর্যন্ত ডিয়েগো সিমিওনের সঙ্গে চুক্তি রয়েছে অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক : বর্তমান মেয়াদ অনুযায়ী ২০১৮ সালের জুন পর্যন্ত ডিয়েগো সিমিওনের সঙ্গে চুক্তি রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের। এ মেয়াদ শেষে আগামী মৌসুমে সিরি’আ ক্লাব ইন্টার মিলানে তার যোগ দেওয়া নিয়ে জোর গুঞ্জন চলছে।

স্প্যানিশ ফরোয়ার্ড লুইস গার্সিয়া মনে করছেন আগামী বছর ভিসেন্তে ক্যালদেরনের ক্লাবটি ছাড়তে পারেন সিমিওনে। এ প্রসঙ্গে লুইস গার্সিয়া বলেন, ‘আমার মনে হয় অ্যাটলেটিকোতে নিজের সবটুকু দিয়ে ফেলেছেন সিমিওনে। সমর্থকরা তাকে খুব ভালোবাসে। ক্লাব তার প্রতি কৃতজ্ঞ থাকবে। আগামী বছর সে থাকবে কিনা সেটা বিষয় নয়। তবে আমি মনে করি এ ধরনের গ্রেট কোচরা যখন ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তখন ক্লাবের পক্ষ থেকে বাঁধা দেওয়া ঠিক নয়। অ্যাটলেটিকোও জানে সিমিওনে তার সবকিছুই দিয়ে ফেলেছেন।’

তবে আগামী মৌসুমের ফলাফলের উপরও সিমিওনের ক্লাব ছাড়ার সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আসতে পারে। এ প্রসঙ্গে গার্সিয়া বলেন, ‘তার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নির্ভর করবে আগামী মৌসুমের ফলাফলের ওপর। সে শিরোপা জিতলেও ক্লাবের দায়িত্ব অন্য কারো হাতে দিতে পারে। এছাড়া ক্লাবের হয়ে আরও শিরোপা জেতারও পরিকল্পনা নিতে পারেন।’

২০১১ সালে অ্যাটলেটিকোতে কোচ হিসেবে আসেন সিমিওনে। ২০১৪ সালে তার অধীনে দীর্ঘ ১৮ বছর পর মর্যাদার লা লিগা শিরোপা জেতে অ্যাটলেটিকো। এছাড়া ২০১৫-১৬ মৌসুমে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে অ্যাটলেটিকো। চলতি মৌসুমেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠে। এর আগে আর্জেন্টিনা জাতীয় দলেও তার কোচ হওয়া নিয়ে গুঞ্জন উঠে।