২০২৩ সাল পর্যন্ত বার্সায় থাকবেন উমতিতি

ক্রীড়া ডেস্ক : ২০১৬ সালে লিয়ন থেকে বার্সায় যোগ দেন স্যামুয়েল উমতিতি। ২৪ বছর বয়সী এই ফ্রান্সের ফুটবলার এ পর্যন্ত বার্সার হয়ে ৮৮ ম্যাচ খেলেছেন। সেন্টার ব্যাক উমতিতি গোল করেছেন ২টি। বার্সায় যোগ দেওয়ার দুই বছরের মাথায় ফরাসি এই তারকাকে ৫ বছরের জন্য নতুনভাবে চুক্তিবদ্ধ করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত বার্সায় থাকবেন তিনি।

স্পেনের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গেল মৌসুমে উমতিতির রিলিজ ক্লজ ছিল ৬০ মিলিয়ন ইউরো। নতুন চুক্তিতে সেটা বাড়িয়ে করা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।

এক প্রতিবেদনে দেখা গেছে যে ৪৮টি ম্যাচে উমতিতি শুরু থেকে ছিলেন সেই ম্যাচের মাত্র ১টিতে হেরেছে বার্সা। যেসব ম্যাচে তিনি ছিলেন না সেসব ম্যাচে বার্সার জেতার হার কম।

সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সের কারণে অনেক ক্লাবই তার উপর নজর রাখছিল। সে কারণে আগে-ভাগেই তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে বার্সা। যাতে অন্য কেউ আর নজর দিতে না পারে। আর ভালো সুযোগ পেয়ে উমতিতিও কাতালানদের ছেড়ে যেতে না পারে।