২০ এপ্রিলের পর দোকান-মার্কেট খোলার দাবি

দেশে করোনা সংক্রমণ রোধে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে দেশে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের ঘোষণা করা হয়েছে। এই লকডাউন আগামী ২০ এপ্রিলের পর আর না বাড়িয়ে দোকান ও মার্কেট খুলে দেয়ার দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে মগবাজারে এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

এর আগে সীমিত পরিসরে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করেন দোকান মালিক ও কর্মচারীরা। রাজধানীর গাউছিয়া মার্কেটের সামনে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন।

সেসময় ঈদ সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার অনুমতির দাবি জানান তারা।

দোকান মালিকরা বলেন, যদি বিকেল ৫টা পর্যন্ত খোলার অনুমতি দেয়া হয় তাহলেও তারা কিছুটা বেচাকেনা করতে পারবেন। তারা চান, এই ঈদের সিজনে দোকান খুলুক, বেচাকেনা হোক। তারপর তারা বাসায় থাকলেও কোনো সমস্যা হবে না।