বিশেষ প্রতিনিধি : রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল পর্যন্ত ৩০০ ফিট সড়কে আবারও সক্রিয় স্টিকার বাণিজ্য। মাসের ২৫ তারিখ ঘনিয়ে আসতেই একটি সংঘবদ্ধ চক্রের তৎপরতা বাড়ে-এমন অভিযোগ অটোরিকশা চালকদের। তাদের দাবি, নির্দিষ্ট স্টিকার না থাকলে রাস্তায় নামলেই বাধা, মামলা, গাড়ি জব্দ (ডাম্পিং) ও রেকার বিলের ভয় দেখানো হয়।ফলে ভয়ভীতি ও চাপের মধ্যেই চলাচল করতে হচ্ছে।
চালকদের ভাষ্য, কুড়াতলি ট্রাফিক পুলিশ বক্সের আওতাধীন এই সড়কে স্টিকার এখন অলিখিত পাসপোর্ট। অভিযোগ অনুযায়ী, প্রায় ২১০টি অটোরিকশা থেকে মাসে ১,৫০০ থেকে ২,০০০ টাকা করে আদায় করা হয়। যার মোট অঙ্ক দাঁড়ায় চার লাখ টাকার বেশি। তবে এই অর্থ আদায়ের বৈধতা, তদারকি ও হিসাব নিয়ে রয়েছে বড় ধরনের অস্পষ্টতা।আরও অভিযোগ, প্রতি মাসের ২৫ তারিখকে ঘিরে চাপ বাড়ে। নির্ধারিত অর্থ না দিলে ট্রাফিক পুলিশের ধরপাকড়, মামলা ও গাড়ি জব্দের ঘটনা বাড়ে।আর অর্থ পরিশোধ হলেই পরিস্থিতি হঠাৎ স্বাভাবিক হয়ে আসে।অটোরিকশা চালকরা বলেন,টাকা না দিলে অভিযান, আর টাকা দিলেই থেমে যায় অভিযান – এমন এক চক্রে তারা কার্যত জিম্মি।
এ বিষয়ে কুড়াতলি পুলিশবক্সের দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর কামাল হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। তবে মাঠপর্যায়ের বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে দাবি চালকদের। ২৫ তারিখ সামনে রেখে দ্রুত তদন্ত ও কার্যকর আইনি ব্যাবস্থা নিশ্চিত না হলে চাঁদাবাজির সাথে জড়িত এই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদেরই।
তাছাড়া বালু নদীঘেঁষা এলাকায় গড়ে ওঠা অসংখ্য বালুর গদিকে ঘিরেও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বালু পরিবহনে ব্যবহৃত ভারী ড্রাম ট্রাক নিয়মিত এই ৩০০ ফিট সড়ক ব্যবহার করে। সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, প্রতিটি গদির মালিকের কাছ থেকে মাসিক হারে নির্দিষ্ট অঙ্ক নেওয়া হয়। তবে এই অর্থ আদায়ের প্রক্রিয়া, বৈধতা ও গন্তব্য নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


