পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) বেলা ৩টার দিকে মোহন ও বিথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। তাদের মধ্যে রাসেল মোল্লা চোখের পাশে গুরুতর আঘাত পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের আলম প্যাদা খাবার পরিবেশনকারী কনের চাচা রাসেল মোল্লার কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
কনের মামা বাবলু আকন অভিযোগ করে বলেন, আলম প্যাদা রোস্ট চাওয়ার পর কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আলম প্যাদা হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


