২৬৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ভালো করতে পারল না বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ২৬৫ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে মুশফিকুর রহিমের দল। ৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দল করেছে ২২১ রান।

অবশ্য একটা সময়ে মনে হয়েছে বাংলাদেশের রান তিনশ ছাঁড়িয়ে যাবে। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম মধ্যাহ্ন বিরতির পর যেভাবে ব্যাটিং করেছিলেন, তা দেখে স্বস্তিতে ছিল টাইগার শিবির। কিন্তু হঠাৎ ছন্দপতনে ভেস্তে যায় সকল প্রত্যাশা। বিশেষ করে ৩৫ রানে শেষ ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ বড় ধাক্কা খায়।

লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমেছে। আজ ত্রিশ ওভার খেলার সুযোগ পাবে সফরকারীরা। জয়ের পাল্লা কাদের ভারী হয়, সেটাই দেখার। তবে এশিয়ার মাটিতে লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার জয়ের রেকর্ড ভালো নয়। গত বছর শ্রীলঙ্কায় ২৬৭ রান তাড়া করতে নেমে ১০৬ রানে হেরেছিল তারা।

মধ্যাহ্ন বিরতির পর ৭৮ রানে তামিম ইকবাল সাজঘরে ফেরেন পেসার প্যাট কামিন্সের অসাধারণ এক বাউন্সারে। দেশসেরা ওপেনারকে ওই বাউন্সার খেলতেই হতো। প্রথম ইনিংসে ৭১ রান করা তামিম দ্বিতীয় ইনিংসে ফেরেন ৭৮ রানে।

এরপর মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান জুটি বাঁধেন। কিন্তু মুশফিককে সঙ্গ দিতে পারেননি সাকিব। ৫ রানে বিদায় নেন নাথান লায়নের বলে কাভারে ক্যাচ দিয়ে। ষষ্ঠ উইকেটে সাব্বির রহমান ও মুশফিক দ্রুত ৪৩ রান যোগ করেন। তাদের জুটি ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু মুশফিকের রানআউটে সব ওলটপালট হয়ে যায়। সাব্বির রহমান এগিয়ে এসে শট নেন লায়নের বলে। বল লায়নের আঙুল ছুঁয়ে স্টাম্পে আঘাত করে। মুশফিকের ব্যাট এবং পা ছিল উইকেটের বাইরে। ৪১ রানে ফেরেন টাইগার দলপতি।

১৮৬/৫ থেকে মুহূর্তেই ১৮৬/৮ হয়ে যায় বাংলাদেশ। কীভাবে? মুশফিকের ফিরে যাওয়ার পর নাসির শূন্য রানে এবং সাব্বির রহমান ২২ রানে আউট হন। তবে চা-বিরতির আগে সেই ধাক্কা সামলে নেন শফিউল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ২৮ রান যোগ করেন তারা। কিন্তু চা-বিরতির পর ৭ রান যোগ করতেই শফিউল ও মেহেদী সাজঘরে ফিরলে ২২১ রানে থামে বাংলাদেশ। অস্ট্রেলিয়া বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। দলকে সাফল্য এনে দিয়েছেন নাথান লায়ন। ৮২ রানে ৬ উইকেট নিয়েছেন ডানহাতি এ স্পিনার।