২৬ পেনাল্টি শুট আউটের ম্যাচে ৯-৮ ব্যবধানে জয় পায় ম্যানইউ

ক্রীড়া ডেস্ক : ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ম্যাচের ১২ মিনিটের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেডের আলেক্সিস সানচেজ গোল করে এগিয়ে নেন দলকে। তার ৩ মিনিট পর এসি মিলানের সুসো গোল করে সমতা আনেন। এই সমতা আর ভাঙেনি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে উভয় দল ১৩টি করে শট নেয়। তার মধ্যে ম্যানইউর গোলরক্ষক জোয়েল পেরেরা ৩টি ঠেকিয়ে দেন। ২টি মিস করে এসি মিলানের খেলোয়াড়রা। তাতে ২৬ পেনাল্টি শুট আউটের ম্যাচে ৯-৮ ব্যবধানে জয় পায় ম্যানইউ।

ম্যানইউর গোলরক্ষক পেরেরা নিজেও শুট আউটে শট নেন। কিন্তু তার নেওয়া শট রুখে দেন এসি মিলানের গোলরক্ষক পেপে রেইনা। অন্যদিকে পেপে রেইনা নিজে পেনাল্টি শুট আউটে গোল করেন। তবে দিনশেষে জয় পায়নি তারা। ১৩টির মধ্যে ৫টি মিস করে এসি মিলান হেরে যায় রেড ডেভিলসদের কাছে।

প্রথম পাঁচটি পেনাল্টি থেকে উভয় দল ৩টি করে গোল করে। ২টি মিস। এরপর ষষ্ঠ শটে উভয় দল মিস করে। সপ্তম থেকে নবম টানা তিন শটে উভয় দল তিনটি করে গোল করে। দশম শটে গিয়ে মিলানের হোসে মাউরি মিস করেন। ম্যানইউর হ্যামিলটনও দশম শট মিস করেন। এরপর একাদশ ও দ্বাদশ শট থেকে উভয় দল গোল করে। ত্রয়োদশ শটে গিয়ে এসি মিলানের ফ্রাঙ্ক কাসি মিস করেন। অন্যদিকে ত্রয়োদশ শট থেকে ম্যানইউর আন্দের হেরেরা গোল করে জয় নিশ্চিত করেন।