নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহর থেকে চকরিয়ার দূরত্ব প্রায় ৫৭ কিলোমিটার। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের এই ৫৭ কিলোমিটার অংশে বিপজ্জনক বাঁক রয়েছে ৩১টি।গত ২৬মাসে সড়ক দূর্ঘটনায় মারা গেছে ১৩৬জন।গত ৮ফেব্রুয়ারী চকরিয়ার মালুমঘাটায় এক সড়ক দূর্ঘটনায় মারা গেছে একই পরিবারের ৫ভাই।
বাঁকগুলোয় নেই দিকচিহ্ন–সংবলিত সাইনবোর্ড কিংবা ফলক। এই মহাসড়কের দুই পাশে রয়েছে ঘন জঙ্গল। এতে দূর থেকে বাঁকগুলো চোখে পড়ে না। এখানেই শেষ নয়। অনুমোদন না থাকলেও এই মহাসড়কে চলাচল করে অনেক ফিটনেসবিহীন যান ও মহাসড়কে নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা। অনিয়ন্ত্রিত এমন যান চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে অহরহ, বাড়ছে হতাহতের সংখ্যা।
গত বৃহস্পতিবার সকালে মহাসড়ক ঘুরে দেখা গেছে, ৫৭ কিলোমিটারের এ সড়কে চকরিয়ার গয়ালমারা, আজিজনগর বাজার, হারবাং বাজার, হারবাং ইনানী রিসোর্ট, বানিয়ারছড়া, নলবিলা, ফাঁসিয়াখালী ভেন্ডী বাজারসহ অন্তত ৩১টি স্থানে বিপজ্জনক বাঁক রয়েছে। বাঁকগুলোতে দিকচিহ্ন–সংবলিত ফলক চোখে পড়েনি। সড়কে চলছে নিষিদ্ধ তিন চাকার গাড়ি, ফিটনেসবিহীন বাস, ট্রাক।


