২৮ মার্চ উড়বে ঢাকা-যশোর রুটে বিমান

করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা বিমানের ঢাকা-যশোর ফ্লাইট এক বছর পর চালু হচ্ছে। আগামী ২৮ মার্চ থেকে ঢাকা-যশোর-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, এখন থেকে সপ্তাহে নয়টি ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের বহরে নতুন তিনটি ড্যাশ এইট যুক্ত হওয়ার পর বন্ধ তিনটি রুট চালুর পাশাপাশি নতুন অভ্যন্তরীণ রুট চালু করে বিমান। লকডাউন শেষে গত জুনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হলেও যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট বন্ধ ছিল।

বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।