২ ওয়ানডে ম্যাচই অধিনায়ক!!!

ক্রীড়া ডেস্ক : এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার ২৩ বছর বয়সী উদ্বোধনী ব্যাটসম্যান। গেল বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। বাংলাদেশের বিপক্ষেই অক্টোবরে হয় ওয়ানডে অভিষেক। সেবার একটি ও বৃহস্পতিবার ভারতের বিপক্ষে আরো একটি ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। ওয়ানডেতে তার অভিষেক হয়েছে চার মাস আগে। এ পর্যন্ত খেলেছেন মাত্র ২টি ওয়ানডে। সেই তাকেই ভারতের বিপক্ষে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি পাঁচ ম্যাচের অধিনায়ক করা হয়েছে। শুধু তাই নয়, ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও তিনি দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দিবেন।

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাপ ডু প্লেসিস ইনজুরিতে পরেছেন। সে কারণেই এইডেন মার্করামকে অধিনায়ক করা হয়েছে। নির্বাচকদের মাথায় সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। সে কারণেই ভবিষ্যত অধিনায়ক হিসেবে তার হাতেখড়ি দেওয়া হচ্ছে। যাতে করে ২০১৯ বিশ্বকাপে তাকেও কাজে লাগানো হয়।

তবে মার্করামের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বে ২০১৪ সালে যুব বিশ্বকাপ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। মার্করাম হয়েছিলেন টুর্নামেন্ট সেরা।

আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। এই ম্যাচে অধিনায়ক হিসেবে মার্করামের অভিষেক হবে।