ক্রীড়া ডেস্ক: সৌদি আরব সফরে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। স্বাগতিক সৌদি আরবের বিপক্ষে শুক্রবার রাতের প্রীতি ম্যাচে সেলেসাওরা জয় পেয়েছে ২-০ ব্যবধানে।
পরের প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে সৌদির বিপক্ষে জয় দিয়ে নিজেদের ছন্দ ধরে রাখল দলটি। পুরো ম্যাচে গোলের জন্য বেশ কিছু সুযোগ পেলেও সৌদি আরবের রক্ষণ গলিয়ে গোল পেয়েছেন কেবল গ্যাব্রিয়েল জেসুস ও আলেক্স সান্দ্রো।
রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর এনিয়ে টানা তিনটি প্রীতি ম্যাচে জিতল ব্রাজিল। এর আগে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরকে হারিয়েছে দলটি। আগামী মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


