৩০০তম ম্যাচ খেলার অপেক্ষায় মার্সেলো

ক্রীড়া ডেস্ক : ইতিমধ্যেই নন-স্প্যানিশ খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে মৌসুম কাটিয়ে দেওয়ার কীর্তি গড়েছেন। এবার আরেক মাইলফলকের সামনে মার্সেলো। লা লিগায় ৩০০তম ম্যাচ খেলার অপেক্ষায় ব্রাজিলিয়ান এই লেফট-ব্যাক।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার লাস পালমাসের বিপক্ষে মাঠে নামলেই মাইলফলক স্পর্শ করবেন মার্সেলো। রিয়াল মাদ্রিদের ২০তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি।

বর্তমান স্কোয়াডের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৩০০ লিগ ম্যাচ খেলবেন মার্সেলো। অন্যজন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস।

মার্সেলো রিয়ালে যোগ দিয়েছিলেন ২০০৬-০৭ মৌসুমে। ক্লাবের হয়ে এটি তার ১২তম মৌসুম। ২৯৯ লিগ ম্যাচে ২২টি গোলও করেছেন তিনি। জিতেছেন ৪টি লিগ শিরোপা। সব মিলিয়ে তিনি রিয়ালের হয়ে খেলেছেন ৪২১ ম্যাচ।