৩০২ কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙনরোধ প্রকল্পের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৩০২ কোটি টাকা ব্যয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙন রক্ষা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে চিলমারীর রমনা এলাকায় এই  প্রকল্পের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।
পানি উন্নয়নের বোর্ডের বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় ৪ হাজার ৮০০ মিটার তীর সংরক্ষণ ও ৫২ কিলোমিটার বাঁধ মেরামতের কাজ রয়েছে। এই প্রকল্পের মেয়াদ ২০১২ সালের জুন মাস পর্যন্ত। এতে ব্যয় ধরা হয়েছে ৩০২ কোটি টাকা।
প্রকল্পের উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চিলমারী উপজেলার নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। নদী খননের মাধ্যমে নৌরুট সচল রাখা হবে এবং চিলমারী বন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি করা যাবে। তিনি বলেন,  চিলমারীর নৌবন্দরটি চালু হলে ব্যাপক কর্মসংস্থান হবে।
চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানআব্দুল কুদ্দুছ সরকার ও রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী।