জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় নিখোঁজের তিনদিন পর রিংকু (৩৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের বিলদুবলা গ্রামের প্রণব সরকারের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিংকু হোসেন গ্রামের সুদেবের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার রাতে রিংকু বিলদুবলা গ্রামের মৎস্যজীবি পাড়ায় মাদারের গান শুনতে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয়রা গ্রামের পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখে থানায় সংবাদ দেয়। সকাল ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিংকুকে কোথাও হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


