ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে। ব্যাটিংয়ের শুরুটা মন্দ ছিল না। ৪০ রানের উদ্বোধনী জুটি। একটা সময় ২ উইকেটে ৮১ রান। এরপরই নামল ধস। ৪৫ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২৬ রানেই গুটিয়ে গেছে আয়ারল্যান্ড।
আইরিশদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন মূলত ইংলিশ স্পিনার আদিল রশিদ। ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডেতে কোনো ইংলিশ স্পিনারের দ্বিতীয় সেরা বোলিং এটি। ১৯৮৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভিক মার্কসের ২০ রানে ৫ উইকেট এখনো সেরা।
ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে পল স্টার্লিং ও এড জয়ের উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৪০ রান। এরপর অবশ্য ৮ বলের মধ্যে দুজনই সাজঘরে ফেরেন। পেসার মার্ক উডের বলে বোল্ড হওয়া স্টার্লিং করেছেন ২০। আরেক পেসার ডেভিড উইলির বলে এলবিডব্লিউ হয়েছেন জয়েস (২৩)।
এরপর অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ও অ্যান্ডি বলবিরনি মিলে গড়েছিলেন ৩৫ রানের জুটি। বলবিরনিকে ফিরিয়ে এ জুটি ভাঙেন জেক বল।
খানিক বাদে পোর্টারফিল্ডকে ফেরান রুট। এরপরই শুরু রশিদের জাদু। বাকি ৬ উইকেটের ৫টিই নিয়েছেন তিনি। অপরটি রুট। ২ উইকেটে ৮১ রান থেকে ১২৬ রানেইও অলআউট আয়ারল্যান্ড। ৪৫ রানেই নেই শেষ ৮ উইকেট!


