৫০তম টেস্ট খেলার অপেক্ষায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসান ইংল্যান্ড কিংবা ভারতের মতো দেশের খেলোয়াড় হলে ১০ বছরে কমপক্ষে দেড়’শ টেস্ট খেলতেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটার হিসেবে গেল ১০ বছরে তিনি টেস্ট খেলেছেন ৪৯টি। ৫০তম টেস্ট খেলার অপেক্ষায় বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে মাঠে নামার মধ্য দিয়ে ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলবেন সাকিব। আজ বৃহস্পতিবার মিরপুরে সাকিব জানিয়েছেন ৫০ টেস্ট খেলতে ১০ বছর লাগলেও আফসোস নেই।

সাকিব বলেন, ‘লাইফে খুব বেশি আফসোস নাই। ওদিক চিন্তা করলে যা হয়েছে, তাতেই আলহামদুলিল্লাহ। বেশি খেলতে পারলে ভালো লাগত। খেলতে পারিনি বলে আফসোস নেই। যতোগুলো ম্যাচ খেলেছি, তাতে কতোটা পারফর্ম করেছি, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। সামনে দুটি ম্যাচ চেষ্টা করব ভালো কিছু করতে। এ বছর আমাদের দলের অনেকেই খুব ভালো করেছে। আশা করি এই সিরিজেও ভালো কিছু হবে।’

শুধু তাই নয়, এই দশ বছরে সাকিব আল হাসান তার টেস্ট ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিষয়টিকে রোমাঞ্চকর হিসেবে দেখছেন সাকিব, ‘এটা একটা রোমাঞ্চকর ব্যাপার। ওদের সঙ্গে নানা সময়ে ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলেছি। টেস্ট এই প্রথম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদের সঙ্গে একটা ম্যাচ খেলার সুযোগ হয়েছে। একটা রোমাঞ্চকর ব্যাপার। অসট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টকে আলাদা মূল্যায়ন করে। যেটা অন্যরা করে না। এ রকম একটা দেশের সঙ্গে টেস্ট খেলা রোমাঞ্চকর।’

ক্যারিয়ারের ৪৯ টেস্টের স্বরণীয় ঘটনা এবং সেরা পারফরমেন্সের ব্যাপারে সাকিব বলেন, ‘স্মরণীয় টেস্ট ইংল্যান্ডেরটা (২০১৬ সালে)। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৯২ করেছিলাম, সেটা মনে পড়ছে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭, বড় অর্জন ছিল। বোলিংয়ের দিক থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে। আসলে প্রথম টেস্ট খেলার সময় চিন্তা ছিল না যে কতোটা খেলবো, কতোদিন খেলবো। সে সময় একটা মজা ছিলো। সেটা এখন নেই, তেমন না। কিন্তু এখন পরিবেশ অন্য রকম, দায়িত্ব; সব কিছুই আলাদা।’