৫১৯০ কোটি টাকা ঋণ নিলেন লাপোর্তা

বার্সেলোনার কর্তার দ্বায়িত্ব ছেড়েছেন হোসে মারিয়া বার্তোমেউ। গদিতে নতুন কর্তা হিসেবে বসেছেন হোয়ান লাপোর্তা। বার্তোমেউয়ের রেখে যাওয়া ঋণের বিশাল বোঝা চেপেছে নতুন সভাপতির কাঁধে। আর সেকারণেই যুক্তরাষ্ট্রের বহুজাগতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের কাছ থেকে ৫১৯০ কোটি টাকা ঋণ নিয়েছে লাপোর্তার বার্সা।

খবরটি নিশ্চিত করেছে জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন।

গোল্ডম্যান স্যাকস ব্যাংকের সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা পুরনো। বার্তোমেউ বোর্ডও তাদের কাছেই ঋণ নিয়েছিল। তবে তাদের সে ঋণ নির্ধারিত খাতে ব্যবহারে বাধ্যবাধকতা ছিল। তবে এবারের ঋণ ধরে বেধে দেয়া হয়নি। চাইলে যে কোনো খাতে ব্যবহার করতে পারবে বার্সা। যার কারণে কাঁধে থাকা ১২০০ কোটি টাকার ঋণ সামাল দিতে কিছুটা হলেও সমর্থ হবে কাতালান ক্লাবটি।

বার্সেলোনার ১২ হাজার কোটি টাকা ঋণের একটা বড় অংশ স্বল্পমেয়াদি। ক্লাবটির সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন জানাচ্ছে, অঙ্কটা প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা। বিভিন্ন ব্যাংকের কাছে বার্সেলোনার ঋণ প্রায় ২৭০০ কোটি টাকা আর খেলোয়াড়দের বেতন, নতুন ফুটবলারদের সঙ্গে চুক্তি- বিভিন্ন প্রকারের অতিরিক্ত অর্থ মিলিয়ে সংখ্যাটা ১৭০০ কোটি টাকা। আর বন্ড অর্থায় বাবদ বার্সেলোনার ঋণ প্রায় ২০০ কোটি টাকা।

৫১৯০ কোটি টাকার নতুন এই ঋণের ফলে স্বল্পমেয়াদী ঋণের একটা বড় অংশের ইতি টানতে সক্ষম হবে বার্সা। ঋণের পাঁচ ভাগের একভাগ এখনই পেয়ে যাবে কাতালান ক্লাবটি।

ইএসপিএনের খবর, ১০৩৮ কোটি টাকায় আপাততত খেলোয়াড়দের বকেয়া বেতনভাতা ও স্বল্পমেয়াদী ধার পরিশোধ করবে বার্সা।