৬৬ রানে অলআউট দিল্লি

ক্রীড়া ডেস্ক : আইপিএলের চলতি আসরে তিনটি সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড হয়েছে। তার একটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (৪৯ রানে অলআউট)। দুটি দিল্লি ডেয়ারডেভিলসের।

৩০ এপ্রিল মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৬৭ রানে অলআউট হয়েছিল দিল্লি। যা ছিল আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। শুক্রবার দিবাগত রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আবারো লজ্জার রেকর্ড গড়েছে দিল্লি। আজ তারা অলআউট হয়েছে মাত্র ৬৬ রানে। তাদের আগের ইনিংসকে পেছনে ফেলে এটা জায়গা করে নিয়েছে আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ হিসেবে।

মুম্বাইর ছুড়ে দেওয়া ২১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩.৪ ওভারে ৬৬ রানে অলআউট হয়েছে দিল্লি। দুদিন আগে এই মাঠেই গুজরাট লায়ন্সের ছুড়ে দেওয়া ২০৯ রানের টার্গেট তাড়া করে জিতেছিল দিল্লি। আর আজ কিনা অলআউট হয়ে গেল মাত্র ৬৬ রানে! তাতে মুম্বাই জয় পেয়েছে ১৪৬ রানের বড় ব্যবধানে। আর এই জয়ের মধ্য দিয়ে সবার আগে আইপিএলের দশম আসরের প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। তিন ম্যাচ হাতে রেখেই তারা প্লে-অফে নাম লিখিয়েছে।

দিল্লির ইনিংসে ধ্বস নামান করন শর্মা, হরভজন সিং ও লাসিথ মালিঙ্গা। করন শর্মা ও হরভজন সিং ৩টি করে উইকেট নিয়েছেন। আর মালিঙ্গা নিয়েছেন ২টি। ১টি করে উইকেট নিয়েছেন মিশেল ম্যাক্লেনাঘান ও জাসপ্রিত বুমরাহ।

ম্যাচসেরা নির্বাচিত হন মুম্বাই ইন্ডিয়ান্সের লেন্ডাল সিমন্স।

তার আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের এই ইনিংস গড়তে ব্যাট হাতে অবদান রাখেন লেন্ডাল সিমন্স (৪৩ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৬), কিরেন পোলার্ড (৩৫ বলে ৫চার ও ৪ ছক্কায় ৬৩*), হার্দিক পান্ডিয়া (১৪ বলে ২৯*) ও পার্থিব প্যাটেল (২২ বলে ২৫)।