৬ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন রোহিত শর্মা

ক্রীড়া ডেস্ক : দারুণ এক সেঞ্চুরি করেছেন, ১০৯ বলে করেছেন ১২৫ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে এই ইনিংস খেলার পথে ৬ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন রোহিত শর্মা।

ভারতের তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রোহিত। নাগপুরে রোববার ভারতের ৭ উইকেটে জয়ের ম্যাচটি ছিল রোহিতের ১৬২তম ইনিংস।

ভারতের হয়ে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড বিরাট কোহলির। বর্তমান অধিনায়কের লেগেছিল ১৩৬ ইনিংস। ১৪৭ ইনিংস লেগেছিল দ্বিতীয় স্থানে থাকা সৌরভ গাঙ্গুলির।

দ্রুততম ৬ হাজার রানের বিশ্ব রেকর্ডটা দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার (১২৩ ইনিংস)। এই তালিকায় রোহিত আছেন যৌথভাবে দশম স্থানে। তার সমান ১৬২ ইনিংস লেগেছিল ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স ও পাকিস্তানের সাঈদ আনোয়ারের।

কাল ৯২ রান করেই মাইলফলক স্পর্শ করেন রোহিত। পরে তুলে নেন ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ষষ্ঠ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল শচীন টেন্ডুলকারের (৯টি)। রোহিতের সমান ছয়টি সেঞ্চুরি আছে ডেসমন্ড হেইন্সের।