৭১তম কান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন

বিনোদন ডেস্ক : শুরু হলো ‘কান চলচ্চিত্র উৎসব ২০১৮’। এরই মধ্যে হলিউড, বলিউডসহ বিশ্বের নানা প্রান্তের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছেন দক্ষিণ ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে।

৮মে স্থানীয় সময় সন্ধ্যায় ৭১তম কান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিচারকদের সঙ্গে পরিচয়ের পাশাপাশি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত সিনেমার অংশবিশেষ প্রদর্শন করা হয়। পরবর্তী সময়ে মার্টিন স্করসিস ও কেট ব্ল্যানচেট ৭১তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইরানি নির্মাতা আজগর ফারহাদির স্প্যানিশ ভাষায় নির্মিত তোদোস লো সেবেন প্রদর্শিত হয়। যার ইংরেজি নাম এভরিবডি নোজ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী পেনেলোপি ক্রুজ ও স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম।

এবারের কান চলচ্চিত্র উৎসবে জুরি প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন দুইবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্লানচেট। জুরি বোর্ডের সদস্যরা হলেন-মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট, ফরাসি অভিনেত্রী লেয়া সেদু, মার্কিন পরিচালক আভা ডুভারনে, বুরুন্ডিয়ান সংগীতশিল্পী খাজা নিন, চীনা অভিনেতা চ্যাং চেন, কানাডিয়ান পরিচালক ডেনিস ভিলেন্যুভ, রুশ পরিচালক আন্দ্রে জিভিয়াজিন্তসেভ ও ফরাসি পরিচালক রবার্ট গেদিজিয়ন।

প্রতিবারের ন্যায় এবারো থাকছে লালগালিচায় তারকাদের জমকালো উপস্থিতি ও সিনেমার বিশেষ প্রদর্শনী। এ বছরও কানের লাল গালিচা মাতাবেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর। পাশাপাশি থাকছেন কঙ্গনা রাণৌত, রইস সিনেমাখ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

এ উৎসব চলবে আগামী ১৯ মে পর্যন্ত। ব্রিটিশ-আমেরিকান পরিচালক টেরি গিলিয়ামের দ্য ম্যান হু কিল্ড ডন কিহোতি প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।