স্প্যানিশ লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েছেন ‘মেক্সিকান মেসি’ তকমা পাওয়া রিয়াল মায়োর্কার লুকা রোমেরো। লুকা রোমেরো এর বয়স মাত্র ১৫ বছর ২১৯ দিন।
সংবাদমাধ্যমে তরুণ এই ফরোয়ার্ডকে এরই মধ্যে ‘মিনি মেসি’, ‘মেক্সিকান মেসি’সহ বিভিন্ন উপনাম দেওয়া হয়েছে। কারণ তার খেলার ধরনের দিক দিয়ে লিওনেল মেসির সঙ্গে কিছুটা সামঞ্জস্য রয়েছে বলে মনে করা হয়। মেসির মতোই রোমরোও বাঁ পায়ের জাদুতেই সবাইকে মুগ্ধ করে চলেছেন, আর ‘আর্জেন্টাইন কানেকশন’ তো রয়েছেই। গায়ের গড়নের দিক দিয়েও মেসির সঙ্গে অনেক মিল তার। ছোটখাটো গড়ন, শিশুসুলভ চেহারা আর ঝাঁকড়া চুলের রোমেরোতে অনেকেই তরুণ মেসির প্রতিবিম্ব খুঁজে পাচ্ছেন।
জন্ম এবং বসবাসের সূত্রে মেক্সিকো এবং স্পেনের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ রয়েছে তার সামনে। তবে রোমরোর ইচ্ছে, পিতৃভূমি আর্জেন্টিনাকেই প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক পর্যায়ে। এরই মধ্যে আলবিসেলেস্তেদের হয়ে যুব পর্যায়ে খেলাও হয়ে গেছে তার। ২০১৮ সালে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির হয়ে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন রোমেরো, “আমার পুরো পরিবার আর্জেন্টাইন। আর তাই আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি পড়ে খেলাটা আমার স্বপ্ন।”
এবার সেই খুদে মেসি গড়লেন অনন্য রেকর্ড। ৮০ বছরের পুরনো এক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
বুধবার রাতে রিয়াল মায়োর্কার হয়ে এই শীর্ষ লিগের মাঠে পা ফেলেছেন লুকা রোমেরো। এদিন তার বয়স ছিল ১৫ বছর ২১৯ দিন।
ফলে লা লিগায় সবচেয়ে কম বয়সে খেলতে নামা ফুটবলার এখন তিনিই। এর আগে এই সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ডটি ছিল সেল্টা ভিগোর সাবেক ডিফেন্ডার স্যানসনের।
১৯৩৯ সালে ১৫ বছর ২৫৫ দিন বয়সে স্প্যানিশ লিগে নাম লিখিয়েছিলেন স্যানসন। সে হিসাবে ৩৬ দিন কম বয়সে লা লিগার বল স্পর্শ করেছেন লুকা।
বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয়েছিল লুকা রোমেরোকে। অবশ্য তিনি মাঠে নামার আগেই ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। অভিষেকটা আনন্দময় হয়নি লুকার। ০-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তার দলের।


