ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট মনোনীত অন্তর্বর্তীকালীন প্রশাসক কমিটি (সিওএ)। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়সহ অনেক প্রাক্তন ক্রিকেটারও চাইছেন, ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলুক। আগামীকাল বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বলছে, বিশেষ সাধারণ সভার পরদিনই (৮ মে) ভারত চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করবে।
ইন্ডিয়া টুডে’র ওই প্রতিবেদনে বলা হয়েছে, দল নির্বাচক প্রক্রিয়ায় অংশ নেবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেওয়া কোহলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দল নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন।
আইসিসির সঙ্গে বিসিসিআইয়ের মতবিরোধের ফলে নির্ধারিত সময়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেনি ভারত। আইসিসি ও বিসিসিআইয়ের ঝামেলার শুরুটা আইসিসির সর্বশেষ বোর্ড সভার পর। দুবাইয়ের সেই সভায় লভ্যাংশ ও তিন-মোড়ল প্রশ্নে ভোটাভুটিতে শোচনীয়ভাবে হারে বিসিসিআই। তখন থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, চ্যাম্পিয়নস ট্রফি বয়কটও করতে পারে ভারত। তাই নির্ধারিত সময় ২৫ এপ্রিলের মধ্যে দল ঘোষণা করেনি তারা।
তবে অবিলম্বে চ্যাম্পিয়নস ট্রফির দিল ঘোষণা করতে গত বৃহস্পতিবার বিসিসিআইকে নির্দেশ দেয় সিওএ। তার আগে সিওএ বিসিসিআইকে এটাও সতর্ক করে দেয় যে, চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করলে ভারত ২০২৩ সাল পর্যন্ত আইসিসির আর কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না।


