অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ক্লাস করতে না দিয়ে শারীরিক শাস্তির ক্ষোভে যোবায়ের হোসেন (১৯) নামে এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে। গত রোববার রাতে স্থানীয় উত্তর আউচপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে। মৃত্যুর খবরটি মাদ্রাসায় ছড়িয়ে পড়লে নিহতের সহপাঠি ও অন্যান্য শিক্ষার্থীরা রাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়, টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসার হোস্টেলে থেকে আলিম বিভাগে পড়াশুনা করতো যোবায়ের। সে গত এপ্রিল মাসে মাদ্রাসার আলিম প্রথম বর্ষের চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহন করেনি। পরীক্ষায় অংশ গ্রহন না করেও দ্বিতীয় বর্ষের ক্লাস করতে গেলে শ্রেণী শিক্ষক সালমান ফারশি তাকে ক্লাস করতে দেননি। এর পর টানা দুই মাস বিরতীর দিয়ে গত রোববার ক্লাস করার জন্য মাদ্রাসায় গেলে শ্রেণী শিক্ষক সালমান ফারশি তাকে ক্লাস করতে অনুমোতি না দিয়ে গালিগালাজ ও শারীরিক শাস্তি দিয়ে যোবায়েরকে তাড়িয়ে দেন বলে জানিয়েছেন মাদ্রাসার একাধিক শিক্ষার্থী। এতে তার মনে তীব্র ক্ষোভ ও অভিমান সৃষ্টি হয়। এরই জের ধরে রাত ৮ টার দিকে মাদ্রাসার আইডিয়াল হোস্টেলের দ্বিতীয় তলায় নিজ কক্ষে সিলিং এর সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন যোবায়ের। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের এসআই তানভীর আহম্মেদসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। যোবায়েরের মৃত্যুর খবরটি মাদ্রাসায় ছড়িয়ে পড়লে সহপাঠি ও মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীরা বিক্ষুব্দ হয়ে উঠে এবং রাত সাড়ে ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা সাতাইশ এলাকায় প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে সু-বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। নিহত যোবায়ের দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার বোগ নগর গ্রামের বাসিন্দা এনামুল হকের ছেলে।
এ বিষয়ে তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষক সালমান ফারসি বলেন, যোবায়ের অনেক দিন যাবত অনুপস্থিত। আমি তাকে বকা-বাধ্য করিনি। কিছু শিক্ষার্থীরা যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যে। আপনি আমাদের হাজিরা খাতাটি দেখুন যোবায়ের অনেক দিন যাবত অনুপস্থিত ছিল কি না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। এটি হত্যা না আত্মহত্যা তদন্তের পরই জানা যাবে।


