অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর সাতরং ওয়াবদা গেইট এলাকায় গতকাল রোববার দুপুরে জাতীয় শোক দিবসে মিলাদ ও দোঁয়া অনুষ্ঠানে হামলাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকাবাসী।
জানা যায়, গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে উল্লেখিত এলাকায় মহিলা আওয়ামীলীগ কর্মি রুবী আক্তারের নেতৃত্বে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুরের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোঁয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় পূর্ব বিরোধের জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ফারুক সরকার ও মো. হান্নানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অনূষ্ঠানস্থলে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের লাঠিসোটা ও ধাঁরালো অস্ত্রের আঘাতে মহিলা আওয়ামীলীগ কর্মি রুবি আক্তার (৩৫) গুরুতর আহত করে। তার ডাক চিৎকারের বড় বোন রাবেয়া বেগম (৩৯), মা রেজিয়া বেগম (৬০), ভাই শফিক (২৫) এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে আহত আহত করে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় রুবিকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মানববন্ধনে রাবেয়া বেগম অভিযোগ করে জানান, হামলাকারীরা আমাদের অমানবিক ও নির্দয়ভাবে মারধর করেই ক্ষান্ত হয়নি। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুর করেছে। এঘটনায় হান্নান ও ফারুককে পুলিশ গ্রেফতার করার পরও অন্যান্য সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে আমাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। আমরা এঘটনার সূষ্ঠু বিচার ও শাস্তি দাবী করছি।


