কক্সবাজারে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে।

নিহতরা হলেন চকরিয়া উপজেলার ডুলহাজারা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক (২২) এবং পেকুয়া উপজেলার শিলখালী এলাকার চান মিয়ার ছেলে আবু তালেব (৪০)। তবে দুর্ঘটনায় নিহত ও আহত সবাই দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির যাত্রী বলেও জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে উপপরিদর্শক সিরাজুল বলেন, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলাম নগর এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসটির চালক ঘটনাস্থলে নিহত এবং ৮ জন আহত হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সিরাজুল।