একই বিছানায় স্বামী পুড়ে মরলেও অক্ষত স্ত্রী

সাভারে আগুনে পুড়ে শরিফুল মোল্লা (৩২) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া নগরচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে পোশাক কারখানা ছুটি হলে বাসায় ফেরেন ওই পোশাক শ্রমিক ও তার স্ত্রী। পরে রাতের খাবার শেষে তারা ঘুমাতে যান। ভোররাতে শরিফুলের দেহটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখে চিৎকার করেন তার স্ত্রী। এসময় স্থানীয়রা এসে বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় শরিফুলের স্ত্রী সূর্য খাতুন অক্ষত রয়েছেন।

নিহতের স্ত্রী জানান, শরিফুল অতিরিক্ত ধুমপান করতেন। রাতের আধারে কোনো একসময় সিগারেটের আগুন থেকে তার শরীরে আগুন লেগে তিনি মারা যান। তবে আগুন লেগে স্বামী মারা গেলেও বাঁচানোর চেষ্টা করেছেন কি-না এমন প্রশ্নের উত্তর দিতে পারেন নি তিনি।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। স্ত্রী অক্ষত থাকলেও স্বামী কিভাবে আগুনে পুড়ে মারা গেলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন’।