অনির্দিষ্টকালের জন্য সরকারি খাদ্য পরিবহন বন্ধের ঘোষণা খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী থেকে অনির্দিষ্টকালের জন্য সরকারি খাদ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি।

অতিরিক্ত ৪৫ ভাগ পরিবহন ব্যয় বাড়ানোর দাবিতে সোমবার থেকে ঠিকাদার সমিতি খাদ্য পরিবহন বন্ধ রেখেছে।

রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি নির্মল কর্মকার জানান, ২০০৫-২০০৬ অর্থ বছরে সরকার তাদের সঙ্গে যে চুক্তি করেছিল, এখনো সেই চুক্তি বহাল আছে। কিন্তু পরিবহন ব্যয় বাড়লেও সরকার তাদের ব্যয় বাড়ায়নি। ফলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ২০১২ সাল থেকে তারা এ নিয়ে কয়েক দফায় সরকারের কাছে আবেদন জানালেও লাভ হয়নি। ফলে তারা খাদ্য পরিবহন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজশাহী বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম জানান, তারা আগের দরের চেয়ে ৪৫ ভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি খাদ্য পরিবহন বন্ধ থাকবে।