একাত্তরে যাদের জন্মও হয়নি তারাও মুক্তিযোদ্ধর তালিকায়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ‘যারা চার বছরের শিশু, এমনকি একাত্তরে যাদের জন্মও হয়নি আদালত তাদেরকেও মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আদালতের কারণে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কাজ শেষ করা যায়নি, এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?

এজন্য বিদায়ী প্রধান বিচারপতি এসকে সিনহাকে দায়ী করে ও তাকে দুর্নীতিবাজ উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, তাকে পদত্যাগ করলেই ক্ষমা হবে না। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছার পদুরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ফকির সাহাবউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে যাওয়ার পথে স্থানীয় পৌরসভার সামনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী পরে পদুরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ফকির সাহাবউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, সাবেক পৌর মেয়র আব্দুল হাই আকন্দ প্রমূখ।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আগামী বছরের ১ জানুয়ারি থেকে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের এবং ১ জুলাই থেকে সব মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে বিনা খরচে সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হবে। সব মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে পাকা করে সংরক্ষণ করা হবে।

তিনি বলেন, খালেদা জিয়ারা, পাকিস্তানিরা এবং সাচ্চা পাকিস্তানি রাজাকার আলবদররা যাতে বলতে না পারে দেশে কেউ গণহত্যার শিকার হননি, মা-বোনদের ওপর অত্যাচার করা হয়নি। এজন্যই সারাদেশের গণকবর, যুদ্ধস্থান, বধ্যভূমিসহ মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন একই আদলে সংরক্ষণ করা হবে। তিনি আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের থেকে মুক্তিযোদ্ধাদের সজাগ থাকার আহ্বান জানান।