কাঠালিয়ায় শিক্ষকের দুই বছরের কারাদন্ড ও চার শিক্ষার্থী বহিস্কার

মোঃমোছাদ্দকে বল্লিাহ(প্রতবিদেক): ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া আমির মোলা মাধ্যমিক বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু আমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা হলে প্রশ্নপত্রের সমাধান সরবরাহ করার অপরাধে আটককৃত মোঃ পলাশ গোলদার নামের এক শিক্ষককে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার জেএসসি ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত মোঃ পলাশ গোলদার আমুয়া আমির মোলা মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক। পরীক্ষা সময় তিনি অফিস সহকারীর দায়িত্ব পালন করছিলেন বলে জানান বিদ্যালয় প্রধান শিক্ষক একেএম শামিম মোলা।

উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় বিষয়টি তার নজরে আসলে ওই শিক্ষককে আটক করে মোবাইল কোর্টে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৯ (ক) ধারায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম।

এছাড়া দায়িত্ব অবহেলার দায়ে ওই ভেন্যুর তিন কক্ষ পরির্দশককে বহিস্কার করাসহ নকল করার দায়ে ওই কেন্দ্র থেকে চার শিক্ষার্থী এবং কাঠালিয়া সদর ফাযিল মাদ্রাসা জেডিসি কেন্দ্র থেকে একজনকে বহিস্কার করা হয়।