কুমারখালী কালি নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

জেলা  প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নে কালি নদী থেকে অবৈধ ড্রেজার এর মাধ্যমে চলছে বালু উত্তোলনের মহোৎসব। নদী ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসী। উদ্যোগ নেই প্রশাসনের। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে কালিনদী থেকে অবৈধভাবে মিনি ড্রেজার বসিয়ে বালু উত্তোলনে ব্যস্ত কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।
তাদের ভয় এলাকাবাসী মুখ খুলতে রাজি না হলেও ভেতরে ভেতরে চাপা ক্ষোভ বিরাজ করছে। ধলনগর গ্রামে কালা চাঁদের বাড়ির নিজ থেকেই বালি উত্তোলন করছে পার্শ্ববর্তী পদ্মা নগর গ্রামের নুরুজ্জামান। মিনি ড্রেজার বসানো হয়েছে কালাচাঁদের বাড়ির নিচে, সেখানে ঘনবসতি থাকলেও তোয়াক্কা করছে না নুরুজ্জামান। নদী ভাঙ্গনে বাড়িঘর বিলীনের আতঙ্কের মধ্যে বসবাস করছে প্রায় ৫০ টি পরিবার। কালাচাঁদের স্ত্রী জানান, আমার স্বামী বাইরে থাকায় আমি আমার এক সন্তানকে নিয়ে এই বাড়িতে থাকি। আমি তাদেরকে নিষেধ করলেও তারা শুনে নাই। এরা ক্ষমতাধর লোক আমার স্বামী এখানে থাকেনা তাই আমি কিছু বলতে পারছিনা। দয়াকরে আপনারা আমাদেরকে এদের হাত থেকে বাঁচান।
অবৈধ ড্রেজার এর মাধ্যমে বালু উত্তোলনের বিষয়ে নুরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সব প্রশাসনকে ম্যানেজ করেই বালু উত্তোলন করছি। আপনার কি লাগবে আপনি বলেন আমি পাঠিয়ে দেবো।
এবিষয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অবৈধ বালু উত্তোলনকারী ও অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।