কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত

গোপালগঞ্জ প্রতিনিধি : শনিবার সকালে উপজেলার টিহাটি গ্রামে এ সংঘর্ষ হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক জানান, টিহাটি গ্রামের মালেক মোল্লা জমি চাষের জন্য পাওয়ার টিলার নিয়ে খেতে যাওয়ার সময় একই গ্রামের বজলুল হক হাওলাদারের খেতের বেড়া ভেঙে ফেলে। এ নিয়ে প্রতিবাদ করায় মালেক মোল্লা লোকজন নিয়ে বজলুল হক হাওলাদারের ওপর হামলা চালায়। উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে শরিফুল হাওলাদার (২০), দেলোয়ার হাওলাদার (৪৩), হোসেন হাওলাদার (৪৫), কাইয়ুম হাওলাদার (২৮), ইব্রাহিম মোল্লা (৫৫), মানিক মোল্লা (৬০), আকবর মোল্লা (৫০) ও কামাল মোল্লাকে (৫০) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।