মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ- করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুধবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। লকডাউনের আগের দিন হওয়াতে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) খুলনা নগরীতে তীব্র যানজট ও খুলনার বিভিন্ন ব্যাংক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ শাখায় গ্রাহকের দীর্ঘ সারি দেখা গেছে। কে আগে সেবা নেবেন এ নিয়ে প্রতিযোগিতায় নেমেছেন গ্রাহকেরা। অন্যদিকে গ্রাহকের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ব্যাংক কর্মীদের।
অনেক শাখাতেই অতিরিক্ত ভিড়ে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। তবে ব্যাংকের শাখায় প্রবেশের সময় থার্মাল থার্মোমিটার দিয়ে গ্রাহকের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।
লকডাউনের আগের দিন হওয়ায় মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলছে। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কাজ শেষ করার জন্য ব্যাংক বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে।
অপরদিকে গরমে যানবাহনে চলাচলরত যাত্রীদের নাভিশ্বাস উঠে যায়। ফুটপাতের পাশাপাশি বাজার ও মার্কেটে মানুষের ভিড় ছিল। ক্রেতা সামলাতে হিমশিম খাওয়া বিক্রেতাদের যেন সময় নেই স্বাস্থ্যবিধি মানার। অনেকে মাস্ক পরলেও সেটি রয়েছে থুতনির নিচে। আবার অনেকের মুখে মাস্ক নেই।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ সাদিয়া মনোয়ারা উষার দেওয়া তথ্য অনুযায়ী, খুলনায় গত তিন মাসের ব্যবধানে এপ্রিলের ১০ দিনে খুলনায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। জানুয়ারি মাসে করোনা পজেটিভ রোগী ছিল ১৮২ জন, সুস্থ হন ২৬২ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা যায় ৩ জন। ফেব্র“য়ারি মাসে কিছুটা কম ছিল। করোনা পজেটিভ রোগী ছিল ৯৭ জন, সুস্থ হয় ১৩৫ জন। আর মৃত্যুবরণ করেন ১ জন। মার্চ মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪০ জনে দাঁড়ায়। আর সুস্থ হয় ১১৯ জন। আর চলতি এপ্রিলের ১০ দিনে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়ে যায়। মাত্র ১০ দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪১১ জন আর মারা গেছেন ৮ জন। তবে সুস্থ হয়েছেন ৭৫ জন।
খুলনা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বলেন, করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে মানুষকে সচেতন হওয়া জরুরি। মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
এদিকে খুলনায় করোনাভাইরাসের টিকার প্রথম ডোজের পাশাপাশি দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজও। রোববার (১১ এপ্রিল) পর্যন্ত খুলনায় মোট এক লাখ ৬৯ হাজার ২৫৭ জন করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩৪৫ জন এবং নারী ৬৮ হাজার ৯১২ জন।
অপরদিকে খুলনার ৯ হাজার ৪৮৬ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৮৭ এবং নারী ২ হাজার ৫৯৯ জন।


