গোপালগঞ্জে বাসচাপায় এক বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাসচাপায় নিয়ামত বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় এই দুর্ঘটনা ঘটে।নিয়ামত বিশ্বাস চন্দ্রদিঘলিয়া গ্রামের মৃত বাবু বিশ্বাসের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নিয়ামত বিশ্বাস ওই স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ইমাদ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়।