গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : সোমবার ভোররাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাগাইল গ্রামের শেখ খবিরের ছেলে ও বনফুল পরিবহনের চালক শেখ শাহিন (৩০)। তবে নিহত নারীর (আনুমানিক বয়স ৩৫ বছর) পরিচয় পাওয়া যায়নি।

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন।

 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটের রায়েন্দাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে যানবাহন ‍দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বনফুল পরিবহনের চালক শেখ শাহিন ও অজ্ঞাত এক নারী নিহত হন। এ সময় বাসের ১০ যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠায়। মারাত্মক আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি জানান, লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।