গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মোটরসাইকেল চাপায় আয়শা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের জলিল শেখের স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বিকেলে সদর উপজেলার কাঠি এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হাতে গেলে একটি দ্রুতগামী মোটরসাইকেল বৃদ্ধা আয়শা বেগমকে চাপা দেয়।
এতে তিনি মারাত্মক আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
ওসি আরো বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


