চট্টগ্রামে গণপরিবহন চলাচল স্বাভাবিক, কঠোর সতর্কে পুলিশ প্রশাসন, আ’লীগ ও অঙ্গসংগঠনগুলো

চট্টগ্রাম : ইসলামিক সংগটন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ডাকা হরতালেও চট্টগ্রামে স্বাভাবিক রয়েছে গণপরিবহন চলাচল। তবে, সড়কে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কম লক্ষ্য করা গেছে।
আজ রবিবার (২৮ মার্চ) নগরের নিউমার্কেট, টাইগারপাস, লালদিঘি, জিইসি, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, দেওয়ানহাট, কাস্টমস, ফ্রিপোর্ট, কাঠগড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে এসব চিত্র দেখা গেছে। অন্যদিকে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী পিএবি রোডে যান চলাচল স্বাভাবিকভাবে দেখা গেলেও সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া আরাকান রোডের চিত্র কিছুটা ভিন্ন।
নিউ মার্কেট, কাস্টম, ফ্রি ফোর্ট, বন্দর এলাকায় সকাল নয়টার দিকে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে। তবে অন্যান্য দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির চলাচল কম লক্ষ্য করা যায়।
হরতাল প্রসঙ্গে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চল এর সভাপতি মো. মূছা গণমাধ্যম থেকে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। যতক্ষণ না কেন্দ্রের নির্দেশনা আসবে না ততক্ষণ আমরা গণপরিবহণ বন্ধের নির্দেশ দিতে পারি না। এই হরতালে গাড়ি চলাচলে কোন ধরনের প্রভাব পড়বে না। গাড়ি স্বাভাবিক নিয়মেই চলবে।
পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমদের জানান, নিরাপত্তা নিশ্চিত হয়েই এখন আমাদের ট্রেন চালাতে হচ্ছে। রাতের দূরপাল্লার ট্রেনগুলো ছাড়ার আগে একটি ইঞ্জিন দিয়ে সামনের পথ পরিদর্শন করা হবে। ইমারজেন্সি সেল থেকে নির্দেশনার পর ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে কয়েকদিন ধরেই বিক্ষোভ থেকে সংঘর্ষে পুলিশের গুলিতে চট্টগ্রাম-ব্রাম্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কয়েকজন কর্মী নিহত হয়েছে। এর কারনে আজ (রবিবার) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সংগঠনটি।
এদিকে হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল। ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামিক দল। হেফাজতে ইসলামের ডাকা হরতালে আনুষ্ঠানিক সমর্থন না জানালেও বিষয়টিকে যৌক্তিক বলে আখ্যায়িত করেছে বিএনপি।
অন্যদিকে হরতালের নামে যাতে কেউ কোনো ধরনের নাশকতা ও সহিংসতামূলক ঘটনা ঘঠাতে না পারেন, সে জন্য মাঠে পর্যায়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।