সংবাদদাতা: রাজধানীর উত্তরখান আটিপাড়া এলাকায় ব্র্যাক অফিসকে ঘিরে ঋণ সংক্রান্ত এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, লোন গ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে জামিনদাতার ওপর ঋণ পরিশোধের চাপ প্রয়োগ করা হচ্ছে।
উত্তরখান আটিপাড়া ব্র্যাক অফিসের ক্রেডিট অফিসার সানজিদা আক্তার সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-কে জানান, “লোন দেওয়ার সময় শর্তসাপেক্ষে জানানো হয়—লোন গ্রহীতা ঋণ পরিশোধ করতে না পারলে জামিনদাতাকে তা পরিশোধ করতে হবে।”
তবে এ বিষয়ে প্রশ্ন উঠেছে, যখন লোন গ্রহীতা উপস্থিত এবং তার সম্পদও রয়েছে, তখন কেন জামিনদাতার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।
এদিকে রিনা আক্তার নামে এক ভুক্তভোগী সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-এর কাছে লিখিত অভিযোগে জানান, তার ব্র্যাক ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই এবং তিনি কখনো কোনো ঋণ গ্রহণ করেননি।
রিনা আক্তারের অভিযোগ অনুযায়ী, একদিন তার প্রতিবেশী তুহিন ও সুজন তার কাছে কয়েক কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি চান। সরল বিশ্বাসে তিনি সেগুলো তাদের দেন। পরবর্তীতে তার অজান্তেই ওই কাগজপত্র ব্যবহার করে ঋণ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, পরে ক্রেডিট অফিসার সানজিদা আক্তার তাকে একটি কাগজে স্বাক্ষর দিতে বলেন। কারণ জানতে চাইলে তাকে বলা হয়, “কোনো সমস্যা নেই, স্বাক্ষর দিলে আপনারই ভালো হবে।” এরপর তিনি একটি সাদা কাগজে স্বাক্ষর করেন।
কিছুদিন পর হঠাৎ করে তাকে জানানো হয়, তাকে ৬ লাখ টাকা পরিশোধ করতে হবে। কারণ হিসেবে বলা হয়, তাকে জামিনদাতা রেখে তার প্রতিবেশীরা ঋণ নিয়েছেন।
রিনা আক্তার বলেন, “যারা লোন নিয়েছে তারা এলাকায়ই আছে, তাদের জমি-জমাও রয়েছে। অথচ তাদের ওপর চাপ না দিয়ে আমাকে বারবার টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে।”
তার অভিযোগ, দিন দিন এই চাপ বাড়ছে এবং এতে তিনি চরম মানসিক চাপে রয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এভাবে চলতে থাকলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না।”
এ ঘটনায় ঋণ প্রক্রিয়ায় অনিয়ম, জালিয়াতি এবং জামিনদাতার সম্মতি যাচাইয়ের বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সচেতন মহল মনে করছেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।
বিস্তারিত আগামী সংখ্যায়…


