টঙ্গীতে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

রবিউল ইসলাম ও আবু ছালেহ মুছা বাবু, টঙ্গীঃ গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহীবাসে ডাকাতির চেষ্টাকালে ছয় ডাকাতকে আটক করেছ টঙ্গী মডেল থানার পুলিশ। এ সময় ডাকাতদের নিকট থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিকালে পুলিশের চার কনষ্ট্রেবল আহত হয়েছে। আটক ডাকাতরা হলো-  সিরাজুল ইসলাম সৈকত (২৮), আকাশ ওরফে আলামিন (৩১), রাজু (২০), মহসীন (২০) স্বপন (২১) ও  বাবুল চিশতি (৩২)।


সুত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী সুপ্রভাত পরিবহনের (ঢাকা মেট্রো-১১-২৯৮৯) একটি বাসে সংঘবদ্ধ একদল ডাকাত ডাকাতির চেষ্টা করে। এসময় ওই এলাকায় দায়িত্বপালনরত পুলিশ সদস্যরা ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা পুলিশ সদস্যদের উপর হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ ৬ ডাকাতকে আটক করে। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিকালে কনস্ট্রেবল বিল্লাল, শাহীন, শহিদুল ইসলাম ও লিয়াকত সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।