অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর নগরীর টঙ্গী বনমালা শান্তিবাগ সিরাজ উদ্দিন সরকার রোডে একটি বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় হামলা চালিয়েছে একদল দূর্বৃত্ত। এ সময় হামলাকারীরা ব্যাপক তান্ডব চালিয়ে বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণাংকার লুটে নেয়। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। ঘটনাটি ওই রাতেই থানায় আপোষ মীমাংসা হলেও ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে টঙ্গী পূর্ব থানা পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে সাব্বির ওরফে কেবিডিকে (২২) আটক করে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আহত ভুক্তভোগী এইচএম মেহের জানান, বুধবার রাতে আমার ছেলে জগলুলকে বাসা থেকে মুঠোফোনে ডেকে নিয়ে যায় রহমত নামে এক কিশোর। পরে তারা আমার ছেলেকে বনমালা রেলক্রসিং এলাকায় নিয়ে চাপাতির উল্টোপিঠ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে রেললাইনে ফেলে যায়। ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় এসে ফেসবুকে রহতের নাম উল্লেখ করে একটি ষ্ট্যাটাস দেয় জগলুল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী সাব্বির ওরফে কেবিডি ধারালো চাকু (সুইচ গিয়ার) নিয়ে বাসার সামনে এসে আমার ছেলের উপর ফের হামলা চালায়।

এসময় স্থানীয়রা সাব্বিরকে সুইচ গিয়ারসহ আটক করে। খবর পেয়ে সজল সরকারের নেতৃত্বে আমজাদ আলী আঞ্জু, কবির, কালাম, বাবু, লালু, আহাদ আলী মুন্সী, আক্তারসহ ২০-২৫ জনের একদল দূর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার বাড়ির গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে হামলা ও লুটপাট চালায়। এ সময় তারা ঘরের আলমারী ভেঙ্গে নগদ সাড়ে ৪ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। হামলায় আহত আমি ও আমার ছেলেকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে যায় এলাকাবাসি। হামলাকারীরা যাওয়ার সময় এলাকাবাসিদের এ বিষয়ে মুখ না খোলার হুমকি দেয়। এ ঘটনায় ৮ জনকে এজাহারনামীয় আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, ঘটনার পর জড়িত উভয় পক্ষ ওই রাতেই থানায় বসে বিষয়টি আপোষ রফা করে। তবে ঘটনার ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে টঙ্গী পূর্ব থানা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই হুমায়ুন কবির শুক্রবার সকালে অভিযান চালিয়ে সাব্বির ওরফে কেবিডিকে আটক করে।
এ বিষয়ে এস আই এসআই হুমায়ুন কবির জানান, দত্তপাড়া মারামারি ও হামলার ঘটনায় সাব্বিরকে আটক করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় উভয় পক্ষকে মুছলেখার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছিল। পরে এ বিষয়ে থানায় মামলা নেয়া হয়েছে। সাব্বিরকে উক্ত মামলায় আটক করা হয়নি। সে রাস্তায় জনসম্মুছে ছুড়ি নিয়ে ঘুরছে এজন্য তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা চলমান।


